তেলাপিয়া মাছ খাওয়া কি স্বাস্থ্যের জন্য নিরাপদ?

তেলাপিয়া মাছ বিশ্বের অন্যতম বহুল চাষকৃত এবং খাদ্য হিসেবে ব্যবহৃত প্রজাতি।  বিশ্বব্যাপী বৈজ্ঞানিকভাবে তেলাপিয়া একটি উচ্চমানের প্রোটিনের উৎস হিসেবে স্বীকৃত। সাধারণত প্রতি ১০০ গ্রাম তেলাপিয়া মাছের ভোজ্য অংশে ২০-২৬ গ্রাম প্রোটিন থাকে। এছাড়া এতে ভিটামিন বি-১২, সেলেনিয়াম, ফসফরাস এবং পটাশিয়ামের মতো প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। 

এই পুষ্টি উপাদানসমূহ লোহিত রক্তকণিকা গঠন, অ্যান্টি-অক্সিডেন্ট সুরক্ষা, হাড়ের স্বাস্থ্য এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতার মতো বিপাকীয় প্রক্রিয়ার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেলাপিয়া মাছের ফ্লেস কম চর্বিযুক্ত (সাধারণত ১.৫–৩.০%) হওয়ায় ক্যালোরি-নিয়ন্ত্রিত খাবার এবং হৃদরোগের ঝুঁকি কমাতে তেলাপিয়া মাছ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে এর লিপিড গঠন, বিশেষ করে ওমেগা-৬ এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভারসাম্য – বৈজ্ঞানিক আলোচনার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পূর্ববর্তী বেশ কিছু গবেষণায় উদ্বেগ প্রকাশ করা হয় যে, তেলাপিয়া মাছে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি এবং উপকারী ওমেগা-৩ (যেমন EPA এবং DHA) এর পরিমাণ তুলনামূলক কম। এই গবেষণারগুলি শরীরে প্রদাহ সৃষ্টির (pro-inflammatory) সম্ভাবনা নিয়ে একটি ধারণার জন্ম দেয়। তবে সাম্প্রতিক গবেষণায় স্পষ্ট হয়েছে যে, এই উদ্বেগগুলো প্রায়শই অতিরঞ্জিত। স্বাস্থ্যের ওপর তেলাপিয়ার মাছ খাওয়ার সামগ্রিক প্রভাব মূলত একজন ব্যক্তির মোট খাদ্যতালিকার ওপর নির্ভর করে, কেবল একটি নির্দিষ্ট খাবারের ওপর নয়। 

তাছাড়া, মাঠ পর্যায়ের ফলিত গবেষণায় দেখা গেছে যে, মাছের জন্য নির্ধারিত বাণিজ্যিক পিলেট  খাদ্যের পুষ্টি ও মানের পরিবর্তনের মাধ্যমে তেলাপিয়ার ফ্যাটি অ্যাসিড প্রোফাইল পরিবর্তন করা সম্ভব। খাবারে ওমেগা-৩ সমৃদ্ধ উপাদান যুক্ত করার মাধ্যমে চাষিরা মাছের পুষ্টিগুণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারেন। এর অর্থ হলো, তেলাপিয়ার পুষ্টিমান কোনো নির্দিষ্ট বিষয় নয়, বরং চাষ পদ্ধতির ওপর নির্ভরশীল।

খাদ্য হিসেবে তেলাপিয়া নিরাপদ কি না, তা নির্ভর করে এর চাষ পদ্ধতির উপর। সুনিয়ন্ত্রিত এবং বৈজ্ঞানিকভাবে পরিচালিত খামারে কঠোর জৈব-নিরাপত্তা, পানির গুণমান নিয়ন্ত্রণ এবং সুষম খাবারের মাধ্যমে উৎপাদিত তেলাপিয়া মাছ সম্পূর্ণই নিরাপদ বলে প্রতীয়মান হয়েছে। এই পদ্ধতিগুলো দূষণের ঝুঁকি কমিয়ে মাছের গুনগত মান নিশ্চিত করে। তবে খারাপ পরিবেশে নিম্নমানের খাবার ব্যবহার, অতিরিক্ত ঘনত্বে মাছ চাষ এবং অ্যান্টিবায়োটিক বা রাসায়নিকের অনিয়ন্ত্রিত ব্যবহারের মতো বেশ কিছু ঘটনায় প্রায়ই দেখা যায়। এই ধরণের অপকৌশল জীবাণু সংক্রমণ এবং ওষুধের রেসিডিউ তৈরির কারণ হতে পারে, যা বৈশ্বিক জনস্বাস্থ্য সমস্যা ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স(AMR)’-তরান্বিত করতে পারে।

গবেষণায় চিহ্নিত প্রধান ঝুঁকিসমূহ:

  • জীবাণু সংক্রমণ: সঠিক ব্যবস্থাপনার অভাব থাকলে অ্যারোমোনাস (Aeromonas), ভিব্রিও (Vibrio) এবং স্ট্রেপ্টোকক্কাস (Streptococcus) এর মতো রোগসৃষ্টিকারী প্যাথোজেন বৃদ্ধি পেতে পারে।
  • অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ: ক্রমাগতভাবে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার তেলাপিয়া মাছের মাংসে অবশিষ্টাংশ রেখে যেতে পারে, যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
  • খাদ্য সংক্রান্ত ঝুঁকি: নিম্নমানের পিলেট খাদ্য, তেলাপিয়া মাছের ফ্লেসের খাদ্য নিরাপদতা (food safety) ও গুণমান নষ্ট করতে পারে।
  • পরিবেশগত দূষক: তেলাপিয়া মাছ চাষে অপরিশোধিত পানি ব্যবহার করলে, উক্ত পানির উৎস থেকে ভারী ধাতু বা বিষ মাছের শরীরে প্রবেশ করতে পারে।

অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাছ ধরার পরবর্তী ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তা। বৈজ্ঞানিক প্রমাণ অনুযায়ী, মাছ সঠিকভাবে রান্না করলে (সাধারণত ৬৩° সেলসিয়াসের উপরে) ক্ষতিকারক অণুজীব ধ্বংস হয়ে যায়। তবে বিজ্ঞানসম্মতভাবে তেলাপিয়া মাছ সংরক্ষণ না করলে অথবা কাঁচা/অর্ধসিদ্ধ মাছ খেলে খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি বাড়তে পারে। তাই খামার থেকে শুরু করে পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং ঘরের রান্না পর্যন্ত প্রতিটি ধাপে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এবং খামারে চাষ করা তেলাপিয়ার তুলনামূলক বিশ্লেষণেও খাদ্য ও পরিবেশের গুরুত্ব ফুটে ওঠে। প্রাকৃতিক খাদ্যাভ্যাসের কারণে উন্মুক্ত জলাশয়ের তেলাপিয়ায় ওমেগা-৩ এর মাত্রা কিছুটা বেশি হতে পারে, অন্যদিকে চাষ করা মাছের পুষ্টিগুণ তার খাবারের ওপর নির্ভর করে। আধুনিক মৎস্য পুষ্টিবিজ্ঞান এবং প্রোবায়োটিকের ব্যবহারের ফলে এখন অনেক অঞ্চলেই প্রাকৃতিক ও চাষ করা তেলাপিয়ার মানের পার্থক্য উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

পরিশেষে যা বলা যায়

সামগ্রিক বৈজ্ঞানিক এবং ফলিত গবেষণা নিশ্চিত করে যে, খাদ্য হিসেবে তেলাপিয়া মাছ (যা নিয়ন্ত্রিত পরিবেশে উৎপাদন করা হয়) খাওয়া সম্পূর্ণ নিরাপদ এবং মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিমুক্ত। এর খাদ্য নিরাপত্তার মূল নির্ধারক মাছটি নিজে নয়, বরং এর চাষ পদ্ধতি, পরিবেশগত অবস্থা এবং পরবর্তী ব্যবস্থাপনা। নিয়ন্ত্রিত ও দায়িত্বশীল পদ্ধতিতে উৎপাদিত তেলাপিয়া প্রাণিজ প্রোটিনের একটি নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং নিরাপদ উৎস। মূলত দুর্বল ব্যবস্থাপনা থেকেই ঝুঁকির সৃষ্টি হয়, যা উন্নত নীতিমালা, চাষিদের প্রশিক্ষণ এবং উত্তম মৎস্য চাষ পদ্ধতি (GAqP) অনুসরণের মাধ্যমে কার্যকরভাবে কমানো সম্ভব।

প্রদীপ কুমার দাম
প্রদীপ কুমার দাম

মৎস্যবিদ প্রদীপ কুমার দাম, একজন একুয়াকালচার এক্সপার্ট। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় এর ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন থেকে ফিসারিজ বিষয়ে বিএসসি (সম্মান) এবং ফিস জেনেটিক্স এন্ড বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার প্রায় ১২ বছরের অধিক সময় ধরে মৎস্য সেক্টরের বিভিন্ন পরিসরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে তিনি সহকারী পরিচালক/সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পদে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এ কর্মরত আছেন।