মাছ ও চিংড়ি চাষের ক্ষেত্রে চাষ শুরু করার কিছু দিনের মধ্যে পুকুর বা ঘেরে তলদেশে এক ধরনের ঘন স্তরের কালো কাদা বা বর্জ্য জমতে দেখা যায়। অনেক খামারিই মাছ বা চিংড়ি চাষকালীন সময়েই তাদের পুকুর বা ঘেরের তলদেশে কালো কাদা (Black Sludge) জনিত সমস্যার মুখোমুখি হন! এই অবস্থায় তারা ঠিক বুঝে উঠতে পারে না যে ঠিক কি কারণে এমন সমস্যা তৈরি হয়। আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা কালো কাদা (Black Sludge) সমস্যা সম্পর্কে বিস্তারিত জানাতে চেষ্টা করবো এবং একি সাথে আলোচনা করবো যে কেন এটি মাছ ও চিংড়ি চাষের জন্য মারাত্মক ক্ষতিকর।

বেশিরভাগ মাছ ও চিংড়ি চাষি মনে করেন যে, ঘেরের তলদেশে জমতে থাকা কালো স্তরটি সাধারণ কাদা মাত্র। কিন্তু প্রকৃতপক্ষে, এটি ঘের/পুকুরের খারাপ অবস্থার অন্যতম একটি নির্দেশক এবং এটি নিঃশব্দে মাছ ও চিংড়ির বৃদ্ধি, খাদ্যের গ্রহণের ক্ষমতা (feed intake efficiency) এবং বেঁচে থাকার হার (survival rate) কমিয়ে দিতে পারে।
কালো কাদা বা বর্জ্য (Black Sludge) কি?
কালো কাদা বা বর্জ্য হলো মূলত নিচের উপাদানগুলোর একটি জটিল মিশ্রণ:
অব্যবহৃত পিলেট খাদ্যের অবশিষ্টাংশ
মাছ অথবা চিংড়ির মলমূত্র
মৃত শৈবাল, জ্যুপ্লাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটনের অবশিষ্টাংশ
জৈব বর্জ্য
সূক্ষ্ম পলিকণা
অক্সিজেনবিহীন অবস্থায় বাঁচতে পারে এমন ব্যাকটেরিয়া (Anaerobic bacteria), ফাঙ্গাস, পরজীবী ইত্যাদি অণুজীব
আয়রন সালফাইড (FeS), যা পুকুর ও ঘেরের তলার মাটিকে কালো রং প্রদান করে।
ঘেরের তলায় যত জৈব পদার্থ জমা হয়, সেখানকার অক্সিজেন তত নিঃশেষ হতে থাকে। তখন অক্সিজেনবিহীন অবস্থায় বাঁচতে পারে এমনসব ব্যাকটেরিয়া (Anaerobic bacteria) আধিপত্য বিস্তার করে এবং হাইড্রোজেন সালফাইড (H₂S), অ্যামোনিয়া (NH₃) ও মিথেন (CH₄) এর মত অত্যন্ত বিষাক্ত যৌগ তৈরি করে। এই বিষাক্ত বিপাকীয় পদার্থগুলো (toxic metabolites), বিশেষকরে চিংড়ির স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করে, কারণ চিংড়ি তাদের অধিকাংশ সময় পুকুরের তলার কাছাকাছি কাটায়।
কিভাবে কালো কাদা বা বর্জ্য তৈরি হয়?
সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে:
অতিরিক্ত খাদ্য প্রদান
উচ্চ মজুদ ঘনত্ব
অপর্যাপ্ত অ্যারেশন
অনুপযুক্ত পানি সঞ্চালন
প্লাঙ্কটন ক্রাশ
ক্রমাগত জৈব পদার্থ জমা হওয়া




